আজ উদ্বোধন হতেযাচ্ছে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেআজ উদ্বোধন হবে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া।
সায়মন ওবায়েদ শাকিল : সমাজ পরির্বতনের শ্লোগানে ও উচ্চ শিক্ষার প্রসারে ব্রাহ্মণবাড়িয়ায় নব-প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর শিক্ষা কার্যক্রম ২৬ শে ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।
আজ বিকেল ৪টায় শহরের দাতিয়ারা বাইপাস রোডে অবস্থিত ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অস্থায়ী ক্যাম্পাসটির শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম.পি।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র উপাচার্য (প্রস্তাবিত) অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এডভোকেট কামরুল ইসলাম এম.পি, ট্রাস্টি অধ্যাপক ডঃ দেলোয়ার হোসেন।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটির হলরুমে সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সাংবাদিকদের জানান, ৬টি বিষয়ে পাঠদানের অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে আবেদন করা হলে মঞ্জুরী কমিশন বিবিএ, এমবিএ, ইংরেজী ও সমাজবিজ্ঞান এই চারটি বিষয়ে পাঠদানের অনুমতি দেন। তিনি বলেন, আশাকরি আগামী ১৫ মার্চ এর মধ্যে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঠদানের অনুমতি পাওয়া যাবে।
তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে ৯ বিঘা জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করায় এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ অনেকটা সুগম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা ক্ষেত্রকে আরো অগ্রসর করার লক্ষ্য নিয়েই আমাদের এই পদক্ষেপ।
তিনি বলেন, হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদেরকে শতকরা ১০ভাগ থেকে ৭০ভাগ পর্যন্ত স্কলারশিপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী মার্চ মাস পর্যন্ত প্রথম সেমিস্টারে ভর্তি চলবে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে। তিনি নতুন এই বিশ্ববিদ্যালয়ের পথ চলায় সাংবাদিক সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ডঃ মোঃ শামসুল আলম, ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ আলমগীর মিয়া, আখতারুজ্জামান, সৈয়দ এহতেশামুল বারী তানজিলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।






















আপনার মন্তব্য লিখুন