কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: 12:08 pm , 19 September 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ডেক্স রিপোর্ট:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা নাহিদের নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে অবস্থিত একটি পাহাড়ি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজের পর অপ্রতিমের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করার তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সূত্র ধরেই আজ সকালে তার মরদেহের সন্ধান মেলে।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমকে অজ্ঞাত এক যুবকের সঙ্গে দেখা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের পাশে ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন এলাকা থেকে আমরা তার মরদেহ উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।






















আপনার মন্তব্য লিখুন