টিআইবি কর্তৃক তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ বিষয়ক ওরিয়ন্টেশন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে“তথ্যই শক্তি: জানবো, জানাবো দুর্নীতি রুখবো এবং গোপনীয়তার সংস্কৃতি নয়, তথ্য প্রদানের মানসিকতা চাই” শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ১৬ জুলাই ২০১৯ তারিখ মঙ্গলবার সনাক কার্যালয়ে দুর্নীতিবিরোধী তথ্য অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ বিষয়ক ওরিয়ন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়ন্টশনে রোভার স্কাউট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্যবৃন্দ অংশগ্রহণ করে। তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ বিষয়ক ওরিয়ন্টেশনে তথ্য অধিকার কেন, তথ্য অধিকারের আইনগত ভিত্তি, তথ্য অধিকার আইন ২০০৯, তথ্যের ধরণ ও সংরক্ষণের মাধ্যম এবং কোন ধরণের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইনটি প্রযোজ্য নয় ইত্যাদি বিষয় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থাপন করা হয়। পরবর্তীতে দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য প্রাপ্তির আবেদন, আপিল আবেদন এবং অভিযোগ দায়ের ফরম পূরণ হাতে কলমে শেখানো হয় যাতে ব্যক্তি জীবনে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন যথাযথভাবে প্রয়োগ করতে পারে।
তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগ বিষয়ক ওরিয়ন্টেশন উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর তথ্য ও পরামর্শ ডেস্ক বিষয়ক উপ কমিটির আহ্বায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন আহম্মদ এবং সমাপনী পর্বে অনুষ্ঠান সমাপনী ঘোষণা করেন সনাক সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। সমাপনী বক্তব্যে সনাক সভাপতি বলেন তথ্যের গোপনীয়তার সংস্কৃতি দুর্নীতি বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে। তাই তথ্য জানা থাকলে যে কোন ধরণের হয়রানী এবং দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তিনি আরও বলেন তথ্য অধিকার আইন ২০০৯ তথ্য জানার অন্যতম মাধ্যম এবং যে কোন ব্যক্তি উক্ত আইন প্রয়োগের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হতে তথ্য জানতে পারে।
অনুষ্ঠানে সনাক সহ সভাপতি আবদুন নূর বক্তব্যে বলেন সাধারণ জনগণ বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের মুখোমুখি হয়, তথ্য অধিকার সম্পর্কে সচেতন থাকলে অনিয়ম ও হয়রানী অনেকাংশে হ্রাস পাবে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোভার স্কাউট সদস্যদের তথ্য অধিকার আইনটি ব্যক্তি জীবনে প্রয়োগ করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ওরিয়ন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে অভিমত ব্যক্ত করেন রোভার মারজিয়া বেগম ও সামিউল ইসলাম। তারা ওরিয়ন্টেশনে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত প্রাপ্ত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়ার মাধ্যমে সচেতনতা তৈরীর জন্য প্রত্যয় ব্যক্ত করেন। ওরিয়ন্টেশন প্রোগ্রাম পরিচালনা করেন ইয়েস সদস্য মোঃ রিয়াজ আহম্মদ চৌধুরী।






















আপনার মন্তব্য লিখুন