পবিত্র শবে বরাতে প্রার্থনা —- আল আমীন শাহীন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
পবিত্র শবে বরাতে প্রার্থনা
—- আল আমীন শাহীন
তুমি তো আলো দিয়েছো মহান হে প্রভু
আঁধারের মাঝেও দিলে সৌভাগ্যের আশা
শবে বরাতের মহিমান্বিত রাত,
দুহাত তুলে ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ।
শ্বাস প্রশ্বাসের শুরু থেকে
তোমার রহমত বরকতের ছোঁয়ায়
ধাপে ধাপে বেড়ে উঠে পথ চলছি,
মক্তবে ইলমে দ্বীন জ্ঞানের রোপিত আলো
মনে জ্বালিয়েছো
আলোকিত পথে চলবো বলে।
সৃষ্টির সেরা ঘোষণায় তুমি সাজিয়েছো
তোমার প্রিয়দের কিছুকাল থাকার
শূণ্যতায় ঘূর্ণায়মান এক বর্ণিল পৃথিবী।
তোমার অসীম সাম্রাজ্যের
বালুকণার মতো সৌন্দর্যের দুনিয়ায়
রং বেরঙে হাবু ডুবু খেয়ে লোভাতুর হয়ে
জানা অজানায় আরো অনেক অনেক চেয়েছি
নিজের সব ভেবে
অথচ সকল কিছুর মালিকই তুমি।
তোমার এই ঐশ্বর্যে সুখাবেশে ভুলে গেছি
তোমাকে না ভুলার ওয়াদা,
ইলমে দ্বীনের আলো ছাড়িয়ে
আঁধার পথে হেঁটে চলেছি
ভুলে গিয়েছি আঁধারেই সাড়ে ৩ হাত ঘর ছাড়া
আমার কোন বাস জায়গা নেই,
আমাকে যেতে হবে আবারো তোমার কাছেই
যেখানে অনন্তকাল থাকতে হবে
ক্ষণ জীবনের হিসেব নিকেষের যোগ বিয়োগে।
মহিমান্বিত পবিত্র শবে বরাতে
নির্ধারিত হিসেব নিকেষের
আজকের রাতের পর্বে
যাপিত জীবনের পাপাভারে
অনুতপ্ত অনুশোচনায়
পবিত্র রজনীতে লজ্জিত হয়েই
তোমাকেই স্মরণ করি
ইয়া রাব্বানা ইয়া রাব্বানা
ক্ষমা দেয়ার মালিক
ক্ষমা করো মোরে,
রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা
তুমি ক্ষমা করো
তোমারই প্রিয়দের।






















আপনার মন্তব্য লিখুন