ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটে নির্বাচন সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: 8:12 am , 6 September 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহীন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী, ১ হাজার ৫৭৬ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে প্রথম হয়েছেন মো. সাঈদ হাসান সানি (ব্যালট নং-৩৫)। ১ হাজার ৪০৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুমেল উদ্দিন আহম্মেদ (ব্যালট নং-২৯)। ১ হাজার ২৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. আশিকুল ইসলাম সুমন (ব্যালট নং-০৯)। ১ হাজার ৭৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. তানভীর রুবেল (ব্যালট নং-১৫)। আর ১ হাজার ২৭ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন কাজী মহিবুল ইসলাম ডিকন (ব্যালট নং-২৬)।
নবনির্বাচিত পাঁচ সদস্য আগামী ২০২৬–২০২৮ মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পালন করবেন।
রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সাতটি পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। ভোট দিয়েছেন মোট ৪ হাজার ১৬২ জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরীসহ অন্যরা।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোশররফ হোসেন বলেন, দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট দেওয়ার বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।






















আপনার মন্তব্য লিখুন